বাংলাদেশের ঢাকার বঙ্গভবনে রোববার (২৩ আগস্ট) উঠবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির কার্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা দেবেন। এর মাধ্যমে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রক্রিয়া শুরু হবে।
গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। এই শপথ অনুষ্ঠানের মাধ্যমেই তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দলীয় পদ থেকে পদত্যাগ করেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন। শপথ গ্রহণ শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।










