বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাঙ্গণে ঢাকা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। বিসিএস বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত একটি কার্যকর জাতীয় ‘হেলথকেয়ার ওয়ার্কার সেফটি পলিসি’ বা নিরাপত্তা নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।
শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম চট্টগ্রামের সমন্বয়কারী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী। মানববন্ধনে কলেজের উপাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কর্মস্থলে চিকিৎসকের ওপর হামলা শুধুমাত্র একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর হুমকি। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি স্থাপন এবং প্রবেশপথ নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি সুনির্দিষ্ট পরিপত্র জারির আহ্বান জানিয়েছে। এই পরিপত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আচরণবিধি এবং যেকোনো অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানানো হয়। বক্তারা জোর দিয়ে বলেন, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া মানসম্মত রোগীসেবা প্রদান সম্ভব নয়। অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ায় সমাধানের আহ্বান জানিয়ে তারা কর্মস্থলে যেকোনো ধরণের সহিংসতায় জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানান।










