কলম্বিয়ার নারিও প্রদেশের পলিকাপায় একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১৩ জন শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার বিকেলে উন্মুক্ত এই খনিতে খননকাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে, যা খনিতে কর্মরত শ্রমিকদের জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা জানিয়েছিলেন, তারা বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনতে পেয়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষের মতে, মূলত খনির ভেতরে পরিচালিত খননকাজের কারণেই এই ভূমিধসের ঘটনা ঘটেছে। জরুরি উদ্ধারকর্মীরা খননযন্ত্র ব্যবহার করে খনির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছেন।
নিহতদের মধ্যে একই আদিবাসী পরিবারের চারজন সদস্য রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, পলিকাপার এই খনিতে কুইল্লাসিঙ্গা আদিবাসী গোষ্ঠীর প্রায় ৫০ জন সদস্য নিয়মিত কাজ করতেন। কলম্বিয়ার বিভিন্ন অনিবন্ধিত খনিতে সরকারি তদারকি ছাড়াই স্থানীয়রা এভাবে মূল্যবান ধাতু আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন।
দেশটিতে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। সরকারি হিসাব অনুযায়ী, কলম্বিয়ায় প্রায় দুই থেকে চার লাখ মানুষ এভাবে ছোট পরিসরে খনিজ আহরণের কাজে জড়িত। জীবনধারণের তাগিদে ঝুঁকিপূর্ণ এসব খনিতে কাজ করাই তাদের আয়ের প্রধান উৎস।










