লেবাননের বৈরুতে সফররত কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাই দেশটির ভূখণ্ডে ইসরায়েলি সামরিক অভিযানকে ‘বেআইনি’ বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। সংকটাপন্ন লেবাননের মানবিক সহায়তায় কানাডা নতুন করে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লেবানিজ পরিবারগুলোর সহায়তায় এই অর্থ ব্যয় করা হবে।
সফরকালে রণদীপ সরাই বলেন, লেবাননের নিজস্ব ভূখণ্ডে তাদের সার্বভৌমত্ব বজায় থাকা জরুরি এবং বৈরুতের নিজস্ব শাসন ব্যবস্থা নিশ্চিত করা উচিত। লেবাননে কানাডার এই দীর্ঘমেয়াদী সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। এ সময় তিনি যুদ্ধের কারণে আশ্রয়হীন মানুষ ও সিরীয় শরণার্থীদের আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে লেবাননের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কানাডা বলেছিল, দেশটির অখণ্ডতা লঙ্ঘন করা যাবে না। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দখলের পরিকল্পনারও কড়া সমালোচনা করেছিল কানাডা। বর্তমানে লেবাননের চলমান যুদ্ধে চার হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৩ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সফরকালে রণদীপ সরাই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াব সালামের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে লেবাননের শীর্ষ নেতারা সারা দেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনরুদ্ধার ও দুর্নীতি দমনে প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না। গত ১০ বছরে কানাডা লেবাননকে মোট ৫৭৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।










