Home / সারাদেশ / যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ সদস্য আটক

যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ সদস্য আটক

বাংলাদেশের যশোরের আরএন রোড এলাকায় ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকার মিঠু হার্ডওয়্যার স্টোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটকরা হলেন চীনা নাগরিক চাওশিং এবং যশোরের শংকরপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম। বর্তমানে তারা কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এই প্রতারণার শিকার হওয়া মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক মিঠু মজুমদার জানান, চক্রটি যশোর আইটি পার্কের কর্মী পরিচয়ে তার দোকান থেকে নিয়মিত কেনাকাটা করত।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত সোমবার চীনা নাগরিক চাওশিং ও ইব্রাহিমসহ কয়েকজন মিঠু মজুমদারের দোকানে এসে ৪৬ হাজার টাকার পণ্য কেনেন। এরপর তারা মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে মিঠুর ব্যাংক অ্যাকাউন্টে সাত লাখ টাকা পাঠান এবং পণ্যের মূল্য বাদে বাকি টাকা চেকের মাধ্যমে ফেরত নেন। পরে মিঠু মজুমদার ইসলামী ব্যাংকে গিয়ে জানতে পারেন, ঢাকার টঙ্গি এলাকার এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে সেই টাকা তার হিসাবে স্থানান্তর করা হয়েছিল।

পরে বুধবার বিকেলে ওই চীনা নাগরিক ও ইব্রাহিমকে ফের আরএন রোড এলাকায় দেখতে পান মিঠু মজুমদার। তখন স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চীনা নাগরিকের বিস্তারিত পরিচয় যাচাইসহ ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে কীভাবে টাকা সরানো হয়েছে, তা নিয়ে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *