মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করা এই যুদ্ধজাহাজের নাবিকদের কঠিন জীবনযাপন নিয়ে উদ্বেগ প্রকাশের পর তিনি এ মন্তব্য করেন।
শনিবার জাহাজটি পরিদর্শন শেষে অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, যুক্তরাষ্ট্রের ১১টি সক্রিয় বিমানবাহী রণতরীর মধ্যে ইউএসএস লিংকনেই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সংখ্যা সবচেয়ে কম। তবে তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘ সময় সমুদ্রে দায়িত্ব পালন করা নাবিকদের জন্য মানসিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং ও কঠিন একটি বিষয়।
জাহাজটি গত জানুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে পৌঁছায় এবং ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ ও বন্দর অবরোধের কাজে নিয়োজিত রয়েছে। ইউএসএস লিংকন টানা ২৪০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে অবস্থান করছে, যা একটি রেকর্ড। জাহাজটিতে বর্তমানে প্রায় ৫ হাজার নাবিক ও কর্মী রয়েছেন।
নাবিকদের পরিবার তাদের প্রিয়জনদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির চাপে কিছু নাবিক জাহাজ থেকে লাফিয়ে পড়ার চেষ্টাও করেছেন। এ বিষয়ে অ্যাডমিরাল কুপার এক বিবৃতিতে জানান, শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যকে তিনি সমান গুরুত্ব দিয়ে থাকেন এবং জাহাজের নেতৃত্ব দল নাবিকদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন রয়েছে।
জাহাজটির বর্তমান পরিস্থিতি
গত সপ্তাহে সামরিক বিষয়ক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস লিংকনে স্যানিটেশন ব্যবস্থার অভাব, প্রয়োজনীয় খাবারের ঘাটতি এবং প্লাম্বিং সমস্যার মতো প্রতিকূল পরিস্থিতিতে নাবিকরা কাজ করছেন। এছাড়া ২০০ দিনেরও বেশি সময় ধরে কোনো বন্দরে নোঙর করতে না পারার বিষয়টিও সামনে এসেছে।
মার্কিন নৌবাহিনী গত সপ্তাহে রসদ সরবরাহ সংক্রান্ত চ্যালেঞ্জের কথা স্বীকার করলেও জাহাজে মানসিক সংকটের কোনো খবর নেই বলে দাবি করেছিল। এই মোতায়েন অভিযানটি মূলত মে মাসেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তা কয়েক দফায় বাড়ানো হয়েছে।
রাজনৈতিক প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস কমিটির ১৩ জন ডেমোক্র্যাট সদস্য প্রতিরক্ষাসচিব পিট হেগসেথকে চিঠি লিখে এই দীর্ঘ মোতায়েনের সমালোচনা করেছেন। প্রতিরক্ষাসচিব অবশ্য অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা’ বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নাবিকদের দীর্ঘ সময় সমুদ্রে থাকার বিষয়ে কোনো উদ্বেগ দেখাননি। তবে মেরিল্যান্ডের ডেমোক্র্যাট গভর্নর ওয়েস মুর জানিয়েছেন, নাবিকদের এই পরিস্থিতি অত্যন্ত হৃদয়বিদারক এবং এ ক্ষেত্রে রাষ্ট্রপতির আরও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।
বর্তমানে ইউএসএস জর্জ ওয়াশিংটন জাহাজটি ইউএসএস লিংকনকে প্রতিস্থাপন করতে ওই অঞ্চলের দিকে রওনা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।










