যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে লুইজি ম্যাজিওনেকে হাজির করা হয়েছে। ডিসেম্বরে ম্যানহাটনের একটি হোটেলের সামনে ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসনকে হত্যার দায়ে অভিযুক্ত ২৮ বছর বয়সী লুইজি ম্যাজিওনের মামলার বিচারকাজ শুরু হতে যাচ্ছে। মামলার গুরুত্ব এবং মিডিয়ার ব্যাপক আগ্রহের কারণে বিচারক গ্রেগরি ক্যারো মঙ্গলবার শুনানি শেষে জানিয়েছেন, ১২ সদস্যের জুরি প্যানেলের পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হবে না।
মঙ্গলবার আয়োজিত প্রাক-বিচার শুনানিতে ম্যাজিওনেকে ধূসর রঙের স্যুট পরিহিত অবস্থায় দেখা যায়। আগামী ৮ সেপ্টেম্বর থেকে জুরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাজিওনে তার বিরুদ্ধে আনা দ্বিতীয় মাত্রার হত্যাসহ সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। দোষী সাব্যস্ত হলে তাকে দীর্ঘ কারাদণ্ডের সম্মুখীন হতে হবে। এছাড়া আগামী বছর তার বিরুদ্ধে একটি ফেডারেল বিচারকাজও শুরু হওয়ার কথা রয়েছে।
আদালতের প্রবেশাধিকার নিয়ে ম্যাজিওনের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে বিতর্ক রয়েছে। শুনানিতে বিচারক জানিয়েছেন, আদালতে দর্শনার্থীদের চাপ সামলাতে একটি অতিরিক্ত কক্ষ (ওভারফ্লো রুম) খুলে দেওয়া হবে। আদালতে উপস্থিতির সুযোগ নিয়ে গণমাধ্যমকর্মী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের আগ্রহের কথা মাথায় রেখে তিনি এই নির্দেশ দেন।
মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র এবং প্রমাণাদির বিষয়ে ডিসেম্বরে দীর্ঘ শুনানিতে বিচারক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। ম্যাজিওনের আইনজীবীরা পেনসিলভানিয়ায় গ্রেপ্তারের সময় জব্দকৃত কিছু আলামত বাতিলের আবেদন করলেও, বিচারক একটি বন্দুক ও ম্যাজিওনের হাতে লেখা নোটবুককে প্রমাণ হিসেবে গ্রহণ করার অনুমতি দিয়েছেন। এছাড়া প্রসিকিউশন সিসিটিভি ফুটেজ, ব্যালেস্টিক রিপোর্ট ও আঙুলের ছাপকে প্রধান প্রমাণ হিসেবে উপস্থাপন করার প্রস্তুতি নিয়েছে।
ম্যাজিওনের আইনজীবীরা এখনো মামলার পূর্ণাঙ্গ কৌশলের বিষয়ে কিছু জানাননি। এর আগে তারা ‘চরম আবেগপ্রসূত অস্থিরতা’ (extreme emotional disturbance) সংক্রান্ত একটি যুক্তির প্রস্তাব দিলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেন। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, বিচারের মূল ফোকাস যদি হত্যাকাণ্ডের ঘটনার ওপর থাকে, তবে প্রসিকিউশনের জন্য বিষয়টি সহজ হবে। কিন্তু মামলার আড়ালে যদি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাতের সমালোচনা বা অন্যান্য সামাজিক ইস্যু উঠে আসে, তবে তা বিচারে ভিন্ন মাত্রা যোগ করতে পারে।









