Home / আন্তর্জাতিক / স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি

স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (১০ আগস্ট) সৌরভের ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য কলকাতার ঠাকুরপুকুর থানায় এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। সৌরভের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

অভিযোগে বলা হয়, গত ছয় মাস ধরে সৌরভ গাঙ্গুলির বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে ইংরেজিতে লেখা বেনামি চিঠি পাঠানো হচ্ছে। শুরুর দিকে চিঠিগুলোতে আপত্তিকর ভাষা ব্যবহার করা হলেও সোমবারের চিঠিতে সরাসরি সৌরভ এবং ডোনা গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

চিঠিতে থাকা একটি ফোন নম্বর ট্রু-কলার অ্যাপে যাচাই করে প্রেরক হিসেবে অরুণ কুমার নামের একজনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে গাঙ্গুলি পরিবার। বিষয়টি ঠাকুরপুকুর থানা পুলিশের পাশাপাশি রাজ্যের গোয়েন্দা বিভাগকেও অবহিত করা হয়েছে।

সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত সচিব জানান, পরিবারের নিরাপত্তার কথা ভেবেই তারা পুলিশের শরণাপন্ন হয়েছেন। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালেও সৌরভ গাঙ্গুলিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নির্মাল্য মাইতি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *