Home / আন্তর্জাতিক / জার্মানির সামরিক ঘাঁটির ওপর রহস্যময় ড্রোনের আনাগোনা

জার্মানির সামরিক ঘাঁটির ওপর রহস্যময় ড্রোনের আনাগোনা

জার্মানির মেকাইরনিখ সামরিক ঘাঁটির আকাশে ড্রোন দেখা গেছে, যা লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরকবাহী ডিভাইস উদ্ধারের মাত্র কয়েকদিন পরেই ঘটল। জার্মানির সশস্ত্র বাহিনী (বুন্ডেসউয়ের) বৃহস্পতিবার সন্ধ্যায় ড্রোনগুলো শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। বন শহরের নিকটবর্তী এই ঘাঁটিতে মার্কিন প্রযুক্তির প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ রাখা হয়।

ঘটনার পর বুন্ডেসউয়ের জয়েন্ট ফোর্স কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, সামরিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং পরে বিষয়টি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সমর্থন প্রদানকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে এমন ড্রোন শনাক্তের ঘটনা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। তবে মস্কো বরাবরই এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিংট বিল্ড পত্রিকাকে জানিয়েছেন, জার্মানি এখন নিয়মিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তিনি মন্তব্য করেন, যদিও তারা সরাসরি যুদ্ধে নেই, তবে দৈনন্দিন ভিত্তিতে হাইব্রিড যুদ্ধের শিকার হচ্ছেন।

বর্তমানে জার্মান কর্তৃপক্ষ লাইপজিগ/হালে বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন কীভাবে রানওয়ে পর্যন্ত পৌঁছাল, তা তদন্ত করছে। এই বিমানবন্দরটি ন্যাটো, জার্মানির সামরিক বাহিনী এবং ইউক্রেনের আন্তোনভ এয়ারলাইনস ব্যবহার করে থাকে। তবে মেকাইরনিখের আকাশে দেখা দেওয়া ড্রোনগুলোর উৎস সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বুন্ডেসউয়ের।

ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের অনুরোধ জানিয়েছেন। গত বছর ইউরোপের আকাশসীমায় ড্রোন শনাক্তের হার বেড়ে যাওয়ায় পুরো মহাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন একটি সমন্বিত ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বা ড্রোন ওয়াল তৈরির বিষয়ে আলোচনা শুরু করেছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *