Home / Uncategorized / তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হচ্ছে ‘অআকখ’র বইপড়া ও সাহিত্য আড্ডা

তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হচ্ছে ‘অআকখ’র বইপড়া ও সাহিত্য আড্ডা

বাংলাদেশের ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বইপড়া ও সাহিত্য আড্ডার আয়োজন করেছে বই পড়ুয়াদের সংগঠন ‘অআকখ’। সংগঠনটির দাবি, বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানো এবং সাহিত্যের মাধ্যমে চিন্তার আদান-প্রদান করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

গত ১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে একটি সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। আড্ডায় শিক্ষার্থীরা সাহিত্য নিয়ে তাদের ভাবনা ও পাঠের অভিজ্ঞতা তুলে ধরেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম সেখানে সাহিত্য ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।

ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ৪ আগস্ট ‘বই পড়ি, দেশ গড়ি’ স্লোগান নিয়ে শুরু হয় বইপড়া কর্মসূচি। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এই কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেরা পাঠকদের জন্য থাকবে পুরস্কার ও সনদ। জেলা পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের অধীনে সাতটি উপ-কমিটি গঠন করা হয়েছে। মাঠ পর্যায়ে এই আয়োজনে সমন্বয় করছে ‘অআকখ’।

সংগঠনটির সংগঠক শেখ ফাতিমা পাপিয়া ও নির্বাহী সাগর মল্লিক জানান, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বই পড়ার এই চর্চাকে দেশজুড়ে ছড়িয়ে দিতে এবং সাহিত্যের মাধ্যমে একটি আলোকিত সমাজ গঠনে তারা কাজ করছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *