বাংলাদেশের ঢাকার সায়েন্সল্যাব মোড়ে মঙ্গলবার বিকেলে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আধিপত্য বিস্তার ও অবস্থানকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
সংঘর্ষ চলাকালে দুই পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। ঘটনার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা সায়েন্সল্যাব ও এর আশপাশের বিভিন্ন মোড়ে অবস্থান নেন।
একই দিনে রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের কর্মীরা এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হওয়া সংঘর্ষের রেশ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও ছড়িয়ে পড়ে। আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিতে হাসপাতালে গেলে সেখানেও উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী, এসব ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।









