যুক্তরাষ্ট্রের পপ তারকা আরিয়ানা গ্রান্দে তার বর্তমান ট্যুর শেষে জনসম্মুখে আসা থেকে দীর্ঘ বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার প্রতিনিধি পিপল ম্যাগাজিনকে জানিয়েছেন, ৩৩ বছর বয়সী এই গায়িকা তার এটারনাল সানশাইন ট্যুর শেষ হওয়ার পর জনসাধারণের নজর থেকে দূরে সরে যাবেন। অহেতুক এবং অবিরাম ব্যক্তিগত সমালোচনার মুখে পড়ে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তার এই বিরতি নেওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে লন্ডনের বার্বিক্যান সেন্টারে অনুষ্ঠিতব্য স্টিফেন সন্ডহেইমের বিখ্যাত মিউজিক্যাল প্রোডাকশন সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
কেন এই সিদ্ধান্ত
সাম্প্রতিক বছরগুলোতে আরিয়ানা গ্রান্দের শারীরিক গঠন এবং স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী জল্পনা-কল্পনা চলছে। তার সর্বশেষ অ্যালবাম পেটাল মুক্তির পর এই আলোচনার মাত্রা আরও বেড়ে যায়। মিউজিক ভিডিওতে একজন শিল্পীর প্রতি সমাজের কঠোর দৃষ্টিভঙ্গি ও সমালোচনার চিত্র ফুটিয়ে তুলেছেন গ্রান্দে। তার প্রতিনিধির ভাষ্যমতে, গ্রান্দে শারীরিকভাবে অত্যন্ত পরিশ্রমসাধ্য পারফরম্যান্স করেন এবং নিয়মিত সাফল্যের সঙ্গে কাজ করছেন। তবে ক্রমাগত ব্যক্তিগত জীবনের সমালোচনা তার ওপর প্রভাব ফেলায় তিনি এখন নিজেকে আড়ালে রাখতে চান।
প্রোডাকশন কোম্পানির প্রতিক্রিয়া
২০২৭ সালে লন্ডনের বার্বিক্যান থিয়েটারে মঞ্চস্থ হতে যাওয়া সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ মিউজিক্যাল থেকে আরিয়ানার সরে দাঁড়ানোর বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এম্পায়ার স্ট্রিট প্রোডাকশন্স নিশ্চিত করেছে যে, আরিয়ানার এই সিদ্ধান্ত তাদের কাছে বোধগম্য এবং তারা তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে। থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছে, জনাতন বেইলির সঙ্গে এই প্রোডাকশনটি পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে যাবে। আরিয়ানার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সমর্থন জানিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।









