যুক্তরাষ্ট্রের টেক্সাসের এপিক মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ উস্তাদ মোহাম্মদ বাজুর হাদিসের আলোকে মানুষের জীবনে আনন্দ ও সুখের চার মূল উপাদান ব্যাখ্যা করেছেন, যা একটি সুন্দর ও আদর্শ পরিবার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি সুখী জীবনের প্রধান চার নিয়ামকের পাশাপাশি দুঃখ-কষ্টের কারণগুলোও তুলে ধরেন।
আলোচনায় উস্তাদ বাজুর বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, চারটি বিষয় মানুষের জীবনে সুখ নিয়ে আসে। এগুলো হলো—নেককার স্ত্রী, সৎ ও ভালো প্রতিবেশী, প্রশস্ত বাসস্থান এবং একটি সচল ও আরামদায়ক বাহন। একইভাবে অসৎ স্ত্রী, খারাপ বাহন, খারাপ প্রতিবেশী এবং সংকীর্ণ বাসস্থান মানুষের জীবনে কষ্ট ও দুর্দশা বয়ে আনে।
নেককার স্ত্রী ও সুখী পরিবার
পার্থিব জীবনের সর্বোত্তম সম্পদ হিসেবে নেককার স্ত্রীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবারে একজন দ্বীনদার নারী থাকলে পুরো সংসারের চিত্রই বদলে যায়। ইসলাম আমাদের শেখায়, স্ত্রী যদি দ্বীনদার ও আল্লাহভীরু হন, তবেই জীবন আনন্দময় হয়ে ওঠে। একজন উত্তম স্ত্রী স্বামীর অধিকার রক্ষা, সন্তান লালন-পালন ও নিজের ইবাদত-বন্দেগিতে আল্লাহকে ভয় করেন।
আজকের সমাজে অনেক পরিবারেই অশান্তি বিরাজ করছে উল্লেখ করে এই আলেম বলেন, স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে অজ্ঞতাই সব দ্বন্দ্বের মূল কারণ। গাড়ি চালানো শিখতে মানুষ অনেক সময় ব্যয় করলেও বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকে। সুখী দাম্পত্যের জন্য একে অপরের অধিকার নিশ্চিত করা এবং স্বামীকে সম্মান ও ভালোবাসা দেওয়া প্রয়োজন।
সহযোগিতার মনোভাব ও সুন্নাহর অনুসরণ
উস্তাদ বাজুর স্বামীদের উদ্দেশ্যে বলেন, স্ত্রীকে সম্মান করা এবং ঘরের কাজে সাহায্য করা রাসুলুল্লাহ (সা.)-এর অন্যতম সুন্দর সুন্নত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হয়েও রাসুলুল্লাহ (সা.) নিজে ঘরের কাজে স্ত্রীদের সহায়তা করতেন। এটি কেবল কাজের বিষয় নয়, বরং এর পেছনে লুকিয়ে রয়েছে স্ত্রীকে প্রীতি ও মানসিক শান্তি দেওয়ার অনুভূতি। তিনি দাড়ি রাখার মতো পোশাক-আশাকে সুন্নতের পাশাপাশি মুখের ভাষায় ও আচরণেও সুন্নতের মাধুর্য ফুটিয়ে তোলার তাগিদ দেন।
প্রশস্ত বাসস্থান ও উত্তম প্রতিবেশী
সুখী জীবনের দ্বিতীয় উপাদান হিসেবে প্রশস্ত বাসস্থানের কথা বলা হয়েছে। হালাল উপার্জনের মাধ্যমে একটি প্রশস্ত বাড়ি তৈরি করা ইসলামে প্রশংসনীয়, যেখানে পরিবারের সবার নিজস্ব জায়গা ও ইবাদতের আলাদা স্থান থাকবে।
তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো ভালো প্রতিবেশী। প্রতিবেশী যদি খারাপ হয়, তবে সুন্দর বাড়িও অশান্তির কারণ হতে পারে। হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সে প্রকৃত মুমিন হতে পারে না। একজন ভালো প্রতিবেশীর কারণে ঘরের সামাজিক ও আর্থিক মূল্য বহুগুণ বেড়ে যায়।
পরিশেষে তিনি সবার ঘরে এই কল্যাণকর উপাদানগুলো বজায় রাখতে এবং ইসলামি আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান।







