সুইডেনে বসবাসরত গবেষক ও লেখক রহমান মৃধা তার সাম্প্রতিক এক লেখায় জীবনের কঠিন বাস্তবতার মাঝে সুখ খুঁজে পাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন। প্রবাস জীবনের একঘেয়েমি ও মানসিক ক্লান্তি কাটিয়ে কীভাবে নিজের ভেতরের প্রশান্তি পুনরায় ফিরে পাওয়া সম্ভব, তা তিনি তুলে ধরেছেন।
লেখকের মতে, মানুষ যখন চারপাশের চাপে পিষ্ট হয়ে পড়ে, তখন এক মুহূর্তের জন্য বাস্তবতার হিসাব সরিয়ে নিজের অনুভূতির দিকে তাকালে জীবনের ভিন্ন রূপ দেখা যায়। তিনি বলেন, সুখ কোনো বিলাস বহুল দ্বীপে বা রাজপ্রাসাদে নেই, বরং এটি মানুষের নিজের ভেতরেই সুপ্ত থাকে। দুঃশ্চিন্তা ও ভয় অনেক সময় মানুষের এই সুখকে আড়াল করে রাখে।
ইসলামের ইতিহাসের প্রেক্ষাপট টেনে তিনি জানান, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে ‘আমুল হুযন’ বা দুঃখের বছর ছিল চরম সংকটের সময়। কিন্তু সেই কষ্টের পরেই এসেছিল ইসরা ও মিরাজের মতো মহান প্রাপ্তি। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তিনি বলেন, অন্ধকার মানেই সবকিছুর শেষ নয়, বরং কঠিন সময়ের পরেই নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে।
পরিশেষে, বর্তমান পরিস্থিতিকে জীবনের শেষ অধ্যায় মনে না করে ধৈর্য ও প্রার্থনার মাধ্যমে টিকে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মানুষের জীবনে এমন সকাল আসতেই পারে, যখন চরম অসহ্য মনে হওয়া জীবনটিতেও নতুন করে আলোর সঞ্চার হয়। তাই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভেতরের দরজাটি খুলে রাখার আহ্বান জানান এই লেখক।









