বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ১৫০ কিলোওয়াট ক্ষমতার একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে এই প্রকল্প বিশেষ গুরুত্ব বহন করছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৫ জুলাই থেকে এই কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত এখান থেকে মোট ৬ দশমিক ১৩ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ৭১ লাখ ২৬ হাজার ১৬ টাকা। এই পুরো অর্থের যোগান দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), সিরাজগঞ্জ কারিগরি সহায়তা প্রদান করেছে। এছাড়া গত ৯ জুলাই এই সৌর বিদ্যুৎ ব্যবস্থাটি নেট মিটারিং সুবিধার আওতায় আনা হয়।
উদ্বোধন শেষে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দেশের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা পূরণ এবং রুফটপ সোলার কর্মসূচিকে এগিয়ে নিতে সরকার সিরাজগঞ্জের এই মডেল অনুসরণ করবে।









