ফিলিপাইনের কোরন দ্বীপের কাছে এমভি জুন অ্যাস্টার নামক একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং ৮৬ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির কোস্টগার্ড নিশ্চিত করেছে। পর্যটন কেন্দ্র কোরনের কাছাকাছি পৌঁছানোর সময় বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকাজ চালানো কোস্টগার্ড কর্মকর্তাদের মতে, প্রতিকূল স্রোত এবং তীব্র ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
ম্যানিলা থেকে ১শ ১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু নিয়ে রওনা হয়েছিল এমভি জুন অ্যাস্টার। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী দল ও স্থানীয়রা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক তদন্তে কোস্টগার্ড জানিয়েছে, ফেরির কার্গো হোল্ড থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এছাড়া অনেক যাত্রী লাইফ ভেস্ট পরিহিত ছিলেন না বলেও তথ্য পাওয়া গেছে।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা রোল্যান্ড লারমা জানান, উদ্ধার পেতে তাকে প্রায় দুই ঘণ্টা সমুদ্রে ভাসতে হয়েছে। উদ্ধারকৃত ৪৩ জনের মধ্যে সাতজনকে কুলিয়ন দ্বীপের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীদের মতে, এটি কোরন এলাকায় দেখা অন্যতম ভয়াবহ বিপর্যয়।
নিখোঁজদের পরিবার স্বজনদের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে এবং কোস্টগার্ডের ফেসবুক পেজে সাহায্যের আবেদন জানাচ্ছেন। ফিলিপাইনের সাত হাজারেরও বেশি দ্বীপের মধ্যে যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে ফেরি ব্যবহৃত হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা আইন যথাযথভাবে প্রয়োগ না করার কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটে থাকে। এই ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ ফেরি বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।










