দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর থেকে দেশে ফিরছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র ১৬ জন নাবিক। সোমবার রাতে জাহাজের চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ চার মাস হরমুজ প্রণালিতে অবরুদ্ধ থাকার পর নাবিকদের এই প্রত্যাবর্তন স্বস্তি নিয়ে এসেছে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ডারবানের কিং সাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নাবিকরা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে মঙ্গলবার বিকেল ৫টা ২৫ মিনিটে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান জানান, তিনি নিজেও জাহাজ থেকে ‘সাইন অফ’ করেছেন। তবে তিনি এখনই দেশে ফিরছেন না; ব্যক্তিগত প্রয়োজনে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন এবং পরবর্তীতে দেশে ফিরবেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নোঙর করার পর হরমুজ প্রণালিতে সংকটের মুখে পড়ে বাংলার জয়যাত্রা। এরপর তিনবার চেষ্টা করেও প্রণালি পাড়ি দিতে ব্যর্থ হয় জাহাজটি। অবশেষে ২৩ জুন দীর্ঘ ১১৫ দিন পর জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে ফুজাইরাহ বন্দরে পৌঁছায়।
গত ২৬ জুন জাহাজটি ডারবান বন্দরের উদ্দেশ্যে রওনা হয় এবং ১৬ জুলাই সেখানে পৌঁছায়। জাহাজটিতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে আনা ৩৭ হাজার ৫০০ টন সার ছিল, যা ডারবানে খালাস করা হচ্ছে। চিফ ইঞ্জিনিয়ার জানান, ডারবানে চিনি লোড করার পর জাহাজের অন্য নাবিকরা সেটি নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিএসসির মালিকানাধীন এই জাহাজটি বর্তমানে একটি সিঙ্গাপুরভিত্তিক কোম্পানির অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছে এবং এতে কর্মরত ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি।







