যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে আয়োজিত ফুটবল বিশ্বকাপের ফাইনালে পারফর্ম করেছেন ম্যাডোনা, বিটিএস, শাকিরা এবং জাস্টিন বিবারের মতো বিশ্বখ্যাত তারকারা। হাফ-টাইম শো-তে অংশ নেওয়া শিল্পীদের এই বর্ণাঢ্য পরিবেশনা সুপারবোলকেও ছাপিয়ে গেছে বলে মনে করছেন অনেকে।
ম্যাডোনা তার জনপ্রিয় গান মিউজিক পরিবেশন করেন, যেখানে তাকে সঙ্গ দেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো ও রোনালদিনহো। এবারের হাফ-টাইম শো স্থায়ী ছিল ২৭ মিনিট ২২ সেকেন্ড, যা বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (ইফাব) নিয়ম অনুযায়ী বিরতি সর্বোচ্চ ১৫ মিনিটের হওয়ার কথা থাকায় দীর্ঘ এই সময়সীমা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
কলম্বিয়ান তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয় আবারও একসঙ্গে মঞ্চে ফেরেন। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনেও তারা একসঙ্গে পারফর্ম করেছিলেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার সামরিক সেবা শেষে দীর্ঘ তিন বছর পর মঞ্চে ফিরল বিটিএস।
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কাইলি জেনার, টিমোথি শালামে, বিয়ন্সে ও জে-জি’র মতো তারকারা। ব্রিটিশ-আর্জেন্টাইন অভিনেত্রী আনিয়া টেলর-জয়কেও তার স্বামীর সঙ্গে দেখা যায়। এর আগে সমাপনী আয়োজনে জেনিফার হাডসনের জাতীয় সংগীত এবং অভিনেতা টম ক্রুজের বক্তব্যে মুখরিত ছিল স্টেডিয়াম।
আয়োজনে আরও অংশ নেন নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস, লাউরা পাউসিনি ও পোস্ট ম্যালোন। তবে মাঠের এই দীর্ঘ বিরতি সবাইকে মুগ্ধ করতে পারেনি। ধারাভাষ্যকার ও সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনি সরাসরি এই পারফরম্যান্স নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।










