বাংলাদেশের সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে বক্তারা দাবি করেন, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ালে নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ ও দুর্নীতির ঝুঁকি বাড়বে।
সমাবেশে শিক্ষার্থীরা ‘মেধা না মামা, মেধা মেধা’, ‘এমপি-মন্ত্রীর সুপারিশ চলবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন। এতে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, লিখিত পরীক্ষায় একজন শিক্ষার্থীর প্রকৃত মেধার প্রতিফলন ঘটে। ভাইভার নম্বর বাড়ানো হলে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হবে যা মেধাভিত্তিক নিয়োগের পরিপন্থী।
জাকসুর তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন বলেন, ভাইভার নামে দলীয়করণ ও বৈষম্য স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়া হবে না। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।
জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান জানান, আগে ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর ছিল ১০। নতুন সিদ্ধান্তে তা ১১ ও ১২তম গ্রেডে ৪০০, ১৩ থেকে ১৬তম গ্রেডে ৪০ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ২৫ করা হয়েছে। এই অস্বাভাবিক পরিবর্তন মেধা যাচাইয়ের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে। অবিলম্বে এটি প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থী নেতারা।









