বাংলাদেশের সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায় ট্রাকে তল্লাশি চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা, যা বড় ধরনের একটি মাদক চালান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সোমবার রাত সোয়া একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকের কেবিনের ভেতর লুকিয়ে রাখা হেরোইনের পাশাপাশি ৮টি ইনজেকশন ও ৪২টি অ্যাম্পল উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের দায়ে ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।









