যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে ১২ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন হাজার হাজার মানুষ। স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি নিপস্কোর (Nipsco) অব্যবস্থাপনার কারণে এই দীর্ঘ সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা।
গত ১১ আগস্ট মধ্য-পশ্চিমাঞ্চলীয় এই এলাকায় ভয়াবহ ঝড়, বন্যা ও টর্নেডো আঘাত হানে। এতে অন্তত সাতজনের প্রাণহানির ঘটনা ঘটে। গ্যারি শহরে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৯ কিলোমিটার। ঝড়ের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।
দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় খাবার সংরক্ষণ, ওষুধ রাখা ও দৈনন্দিন পরিচ্ছন্নতা বজায় রাখা দুঃসাধ্য হয়ে পড়েছে। অসহায় বাসিন্দারা জানান, রাতে সড়ক বাতি না থাকায় এলাকা ঘুটঘুটে অন্ধকারে ডুবে থাকে। অনেকেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী বাসিন্দাদের একজন জ্যাক টিপোল্ড জানান, দাঁতের অস্ত্রোপচারের মাঝপথে বিদ্যুৎ চলে যাওয়ায় তাকে চরম যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে। এই পরিস্থিতির জন্য স্থানীয় বিদ্যুৎ কোম্পানিকে দায়ী করে বাসিন্দারা একটি ক্লাস-অ্যাকশন মামলা করেছেন। যদিও নিপস্কো তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন এই দীর্ঘ বিলম্বকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং জরুরি সহায়তার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে নিপস্কো। কোম্পানিটি আশা করছে, বুধবারের মধ্যে পুরো এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে।










