Home / আন্তর্জাতিক / ইতালির কোমো শহরে সাইকেল চালানো নিষিদ্ধ করলেন মেয়র

ইতালির কোমো শহরে সাইকেল চালানো নিষিদ্ধ করলেন মেয়র

ইতালির কোমো শহরে একটি বৈদ্যুতিক সাইকেলের ধাক্কায় আহত হওয়ার পর শহরের মেয়র আলেসান্দ্রো রাপিনেসে ঐতিহাসিক নগরকেন্দ্রের নির্দিষ্ট এলাকায় সাইকেল চালানো নিষিদ্ধ করেছেন। তিনি জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে আগামী সেপ্টেম্বর থেকে সাইকেল আরোহীদের অন্তত ৩০টি রাস্তায় সাইকেল থেকে নেমে হেঁটে চলাচল করতে হবে।

ইতালীয় সংবাদ সংস্থা আনসাকে মেয়র বলেন, মানুষ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে পদক্ষেপ নেয়। তিনি নিজেই এসব যানের ধাক্কা খাওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাই তিনি এর ঝুঁকি সম্পর্কে অবগত।

নতুন এই ট্রাফিক নিয়ম অনুযায়ী, কোমো শহরের ঐতিহাসিক কেন্দ্রে সীমিত ট্রাফিক জোন (জেটিএল) কার্যকর করা হবে। এর আওতায় কেবল সাইকেল নয়, গাড়ি ও ভ্যানের চলাচলের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইতালির হাইওয়ে কোড অনুযায়ী, সাধারণ সাইকেল ও বৈদ্যুতিক সাইকেলের মধ্যে কোনো পার্থক্য না থাকায় উভয় প্রকার সাইকেলের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

মেয়র রাপিনেসে তার নিয়মিত অনলাইন ভিডিও সিরিজ ‘রাপি নিউজ ২৪’-এ জানান, গত জুলাই মাসে সিটি হল থেকে বের হওয়ার সময় তিনি একটি বৈদ্যুতিক সাইকেলের ধাক্কার শিকার হন। এরপরই তিনি ট্রাফিক নিয়ম পরিবর্তনের এই উদ্যোগ গ্রহণ করেন।

এই নতুন নিয়মের আওতায়, শহরের ভেতরে প্রবেশ করতে অনেক যানবাহনের জন্য বার্ষিক অনুমতির পাশাপাশি দৈনিক ৩ ইউরো ফি দিতে হবে। দোকান ও রেস্তোরাঁর মালামাল পরিবহনের সময়ও সকাল ৬টা থেকে রাত ১১টার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে।

এদিকে মেয়রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ‘সিভিতাস কোমো’ নামের একটি নাগরিক গোষ্ঠী এই নিষেধাজ্ঞার আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে এবং একে ভুল সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে। এছাড়া ‘নোভা কোমো’ নামের আরেকটি সংগঠন ১২ সেপ্টেম্বর প্রতিবাদী সাইকেল র‍্যালির ডাক দিয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *