দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্ব এলাকার ডন পার্কে জাবুলিলে ন্তিম্বা নামে এক নারীকে হত্যার ঘটনায় দুই নারীকে অভিযুক্ত করেছে স্থানীয় পুলিশ। ভারপ্রাপ্ত পুলিশ প্রধান লেফট্যানেন্ট জেনারেল পুলেং দিমপানে একে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে নয়টি মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত করছে পুলিশ। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেছেন।
অভিযুক্ত দুই নারীর বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা ও বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এক পুরুষকে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাস্তার পাশে চাদরে মোড়ানো অবস্থায় ন্তিম্বার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়।
উপ-পুলিশ প্রধান লেফট্যানেন্ট জেনারেল তেবিলো মোসিকিলি সাংবাদিকদের জানিয়েছেন, একটি বিশেষজ্ঞ দল নয়টি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে। তবে ন্তিম্বার হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে এটি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন বা প্রেমের ত্রিভুজ থেকে ঘটা অপরাধ বলে মনে হচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় লিঙ্গভিত্তিক সহিংসতার হার বিশ্বের অন্যতম সর্বোচ্চ। মানবাধিকার কমিশনের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রতিদিন গড়ে ছয়জন নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সিরিজ এই মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নারীদের নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এসেছে।









