যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির অদূরে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির বিপরীতে প্রস্তাবিত ট্রায়াম্ফাল আর্চটিকে একটি সামরিক কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং মার্কিন সামরিক বাহিনীর বিশেষ অনুরোধে এই নকশা পরিবর্তন করা হচ্ছে বলে ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে জানিয়েছেন তিনি।
প্রস্তাবিত এই সামরিক কমপ্লেক্সে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম মজুত থাকবে। এর ছাদ এবং প্লাজা এলাকা থেকে স্নাইপার এবং ড্রোন পরিচালনার দ্রুত সক্ষমতা তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, এই ধরনের স্থাপনা বিশ্বের অন্য কোথাও নেই।
৭৬ মিটার বা ২৫০ ফুট উচ্চতার এই স্থাপনাটি নির্মাণের কাজ চলতি মাসেই শুরু হওয়ার কথা ছিল। এর আগের নকশা অনুযায়ী, শীর্ষে সোনালী রঙের ডানাওয়ালা লেডি লিবার্টি এবং দুই পাশে দুটি ঈগলের মূর্তি থাকার কথা ছিল। পাশাপাশি সেখানে “ওয়ান নেশন আন্ডার গড” এবং “লিবার্টি অ্যান্ড জাস্টিস ফর অল” খোদাই করে লেখার পরিকল্পনা ছিল।
তবে বর্তমান সামরিক রূপান্তরের জন্য কোনো নতুন অনুমোদনের প্রয়োজন আছে কি না বা এর নির্মাণ সময়সূচীতে কোনো পরিবর্তন আসবে কি না, তা স্পষ্ট করা হয়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের রোজ গার্ডেন সংস্কারসহ বেশ কিছু নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে এই ট্রায়াম্ফাল আর্চ অন্যতম বড় একটি উদ্যোগ।










