Home / আন্তর্জাতিক / নেদারল্যান্ডসের হেগে উগ্র ডানপন্থী বিক্ষোভে সহিংসতা, পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তার ২৪

নেদারল্যান্ডসের হেগে উগ্র ডানপন্থী বিক্ষোভে সহিংসতা, পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তার ২৪

নেদারল্যান্ডসের হেগে অভিবাসন ও আশ্রয় নীতিমালা নিয়ে আয়োজিত এক উগ্র ডানপন্থী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়লে দাঙ্গা পুলিশ অভিযান চালিয়েছে। শনিবার শহরের মালিভেল্ড পার্কে জড়ো হওয়া প্রায় ৫০০ বিক্ষোভকারী পুলিশের ওপর ইট-পাটকেল ও আতশবাজি নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় পুলিশ লাঠিচার্জ ও কুকুর ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় এবং মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সহিংসতার কারণে বিক্ষোভের অনুমতি বাতিল করে বিক্ষোভকারীদের এলাকা ত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

ঘটনার পর ডাচ আইনমন্ত্রী ডেভিড ফন উইল এক বার্তায় তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বিক্ষোভে ‘হিটলার স্যালুট’ বা নাৎসি অভিবাদন প্রদর্শন, ইহুদিবিদ্বেষী স্লোগান দেওয়া এবং পুলিশের ওপর হামলার কঠোর নিন্দা করেন। তিনি বলেন, এটি অত্যন্ত গর্হিত কাজ এবং যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী রব ইয়েটেনও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উসকানিমূলক আচরণের নিন্দা জানান।

‘উই আর দ্য পিপল’ ব্যানারে আয়োজিত এই বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল নেদারল্যান্ডসের অভিবাসন নীতির বিরোধিতা করা। অনেক বিক্ষোভকারী দাবি করেন, গণহারে অভিবাসনের কারণে তারা দেশটিকে হারিয়ে ফেলছেন। বিক্ষোভের সময় ট্রাকে একটি প্রদর্শনী স্ক্রিনে ‘নেদারল্যান্ডস ডাচদের জন্য’ লেখা স্লোগান দেখা যায়।

এর আগেও নেদারল্যান্ডসের হেগে একই ধরনের অভিবাসনবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছিল। এই অস্থিতিশীল পরিস্থিতির পেছনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *