Home / আন্তর্জাতিক / না ফেরার দেশে নাইজেরিয়ার কিংবদন্তি অভিনেতা ওলু জ্যাকবস

না ফেরার দেশে নাইজেরিয়ার কিংবদন্তি অভিনেতা ওলু জ্যাকবস

নাইজেরিয়ার আবুজায় ৮৪ বছর বয়সে মারা গেছেন দেশটির কিংবদন্তি অভিনেতা ওলু জ্যাকবস। অভিনেতার স্ত্রী ও প্রবীণ অভিনেত্রী জোক সিলভা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি নাইজেরিয়ার চলচ্চিত্র জগৎ ‘নলিউড’-এর অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।

জোক সিলভা এক বিবৃতিতে ওলু জ্যাকবসকে ‘লুফোডোর সিংহ’ হিসেবে উল্লেখ করেছেন এবং তাঁর বর্ণাঢ্য জীবনকে সম্মান জানিয়েছেন। শোকসন্তপ্ত পরিবার এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করেছে এবং ব্লগার বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

অভিনয় জীবন

১৯৪২ সালের ১১ জুলাই জন্মগ্রহণ করা ওলু জ্যাকবস লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। ক্যারিয়ারের শুরুতে তিনি ব্রিটিশ টেলিভিশন ও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজনায় কাজ করেছেন। পরে তিনি নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্পের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাই কিংডম, কোভার্ট অপারেশন এবং ওয়ান ফাইন ডে-র মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

সম্মাননা ও অবদান

নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে ওলু জ্যাকবসকে দেশটির জাতীয় সম্মাননা ‘মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ফেডারেল রিপাবলিক’ (এমএফআর) প্রদান করা হয়। এছাড়া তিনি লিডিং রোলে শ্রেষ্ঠ অভিনেতার জন্য আফ্রিকান মুভি একাডেমি অ্যাওয়ার্ডসহ নানা জীবনকৃতি সম্মাননা অর্জন করেছেন। স্ত্রী জোক সিলভার সাথে মিলে তিনি লুফোডো গ্রুপ এবং লুফোডো একাডেমি অব পারফর্মিং আর্টস প্রতিষ্ঠা করেছিলেন, যার মাধ্যমে তিনি নতুন প্রজন্মের শিল্পীদের প্রশিক্ষণে কাজ করেছেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে তিনি লোকচক্ষুর অন্তরালে ছিলেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *