বাংলাদেশের ঢাকার লালবাগে ব্যবসায়ী শেখ ওয়াসিম রনিকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত বন্ধু মাসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে তিনি এই জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি গ্রহণের পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসাইন আসামীকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের আবেদন জানালে বিচারক তা গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল ইসলাম।
গত ৮ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পর রনির স্বজনরা লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে পুলিশ রনির বন্ধু মাসুমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে লালবাগের বিসি দাস স্ট্রিটের একটি ভবনের নিচতলার মাটি খুঁড়ে রনির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ বালু দিয়ে চাপা দেওয়া অবস্থায় ছিল।
নিহত রনির স্ত্রী নুসরাত জাহান সীমা বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়, মাসুম ব্যবসায়ীর রনির কাছ থেকে ৩ লাখ টাকা ধার নিয়েছিলেন। টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা দিতে ব্যর্থ হন। পাওনা টাকা আদায়ের জন্য রনি মাসুমের বাসার অফিসে গেলে তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে তা মাটিচাপা দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।









