Home / সারাদেশ / মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে অনীহা নিয়ে সমাজকল্যাণ মন্ত্রীর ক্ষোভ

মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে অনীহা নিয়ে সমাজকল্যাণ মন্ত্রীর ক্ষোভ

বাংলাদেশের দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে অনীহা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অনেক মোটরসাইকেল চালক ডুমুরের ফুলের মতো হেলমেট ব্যবহার করেন। পুলিশ চেকপোস্ট দেখলে অন্যের কাছ থেকে হেলমেট ধার নিয়ে তা পরিধানের প্রবণতা দেখা যায়।

শুক্রবার বিকেলে দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ৩ কোটি ৩৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, দিনাজপুরেও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে, যার বেশিরভাগ ক্ষেত্রে হেলমেট না থাকাই মৃত্যুর কারণ। আমাদের দেশে ঘনবসতি, যানবাহনের আধিক্য এবং সচেতনতার অভাবের কারণে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে। অনেক ক্ষেত্রে এসএসসি পাস করার পরই অভিভাবকরা সন্তানদের মোটরসাইকেল কিনে দিচ্ছেন, কিন্তু তারা হেলমেট ব্যবহারে বাধ্য করছেন না। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে আমাদের সকলকেই সচেতন হতে হবে।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৫৪(১) ধারা অনুযায়ী বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার ৭৩ জন ক্ষতিগ্রস্তকে চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫ জনের পরিবারকে ৩ কোটি ২৫ লাখ টাকা এবং আহত ৮ জনকে ১৪ লাখ টাকা প্রদান করা হয়।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, স্থানীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম ও এ জেড এম রেজওয়ানুল হক, পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *