Home / আন্তর্জাতিক / সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গোলাগুলি: হামলাকারী একাই ছিল, দাবি পুলিশের

সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গোলাগুলি: হামলাকারী একাই ছিল, দাবি পুলিশের

সুইজারল্যান্ডের আরাউ শহরে একটি রেভ পার্টিতে বন্দুক হামলার ঘটনায় হামলাকারী একাই ছিল বলে জানিয়েছেন দেশটির আরগাউ ক্যান্টনাল পুলিশের কমান্ডার মাইকেল লিউপোল্ড। বুধবার সংবাদ সম্মেলনে তিনি জানান, রবিবার ভোরে ঘটা এই হামলায় ২২ বছর বয়সী এক ইতালীয় তরুণীর মৃত্যু হয় এবং পাঁচজন আহত হন। এই ঘটনায় অন্য কারো সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি নিশ্চিত করেন।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ৪৩ বছর বয়সী ওই সুইস নাগরিক সোমবার উত্তর-পশ্চিম সুইজারল্যান্ডের ডেলিমন্ট পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেন। তবে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তিনি এখন পর্যন্ত কোনো কথা বলেননি। দেশটির প্রসিকিউটর ক্রিস্টোফ রুয়েডি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং এর আগে তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো অজানা।

ঘটনার পর হামলাকারীর গাড়ি থেকে দুটি পিস্তল এবং একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। সুইজারল্যান্ডে ব্যক্তিগত পর্যায়ে বন্দুকের মালিকানা বেশি থাকলেও এই ধরনের প্রাণঘাতী হামলা বিরল, যে কারণে ঘটনাটি দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রেভ পার্টির আয়োজকরা জানিয়েছেন, এমন ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত। তারা পুলিশের তদন্তে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আনন্দ ও ভালোবাসার স্থান হিসেবে বিবেচিত রেভ পার্টিতে এমন সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *