যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির আড়াইশ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ১ ডলারের নতুন কয়েন বাজারে ছেড়েছে ইউএস মিন্ট। ফেডারেল আইন অনুযায়ী জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি মার্কিন মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও, বিশেষ বার্ষিকী আইনের সুযোগ নিয়ে এই কয়েন তৈরি করা হয়েছে। এক শতাব্দীর মধ্যে এই প্রথম কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি মুদ্রায় দেখা গেল।
মুদ্রার বৈশিষ্ট্য ও বিতর্ক
নতুন এই ১ ডলারের কয়েনগুলোতে ট্রাম্পের প্রতিকৃতির পাশাপাশি ‘লিবার্টি’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ কথাগুলো খোদাই করা আছে। ইউএস মিন্ট জানিয়েছে, এই কয়েনগুলো সাধারণ লেনদেনে সচল মুদ্রা হিসেবে ব্যবহারের সুযোগ থাকলেও, মূলত এগুলো সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কয়েনগুলো বাজারে আসার কয়েক ঘণ্টার মধ্যেই মিন্টের ওয়েবসাইট থেকে বিক্রি শেষ হয়ে যায়। এছাড়া ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউএস মিন্ট স্টোরের ভেন্ডিং মেশিনেও কয়েনগুলো পাওয়া যাচ্ছে। সোনালি রঙের এই মুদ্রাগুলো তামা, দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেলের মিশ্রণে তৈরি, এতে কোনো আসল স্বর্ণ নেই।
আইনি প্রেক্ষাপট
সাধারণত জীবিত ব্যক্তির ছবি মার্কিন মুদ্রার উল্টো পাশে থাকা নিষিদ্ধ হলেও, ট্রাম্পের প্রতিকৃতি রয়েছে মুদ্রার সামনের দিকে। ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে, ২০২০ সালের সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন আইনের একটি ধারা ব্যবহার করে এই মুদ্রার নকশা করা হয়েছে। এর আগে ১৯২৬ সালে আমেরিকার ১৫০ বছর পূর্তিতে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি সংবলিত অর্ধ-ডলারের মুদ্রা বাজারে ছাড়া হয়েছিল।
পূর্বের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা
প্রেসিডেন্ট ট্রাম্পের নাম ও ছবি সরকারি নথিপত্র এবং মুদ্রায় ব্যবহারের এটিই প্রথম ঘটনা নয়। এর আগে গত মার্চ মাসে ট্রেজারি বিভাগ ঘোষণা করেছিল যে, মার্কিন কাগুজে নোটে প্রথমবারের মতো কোনো আসীন প্রেসিডেন্টের স্বাক্ষর থাকবে। এছাড়া মে মাসে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ট্রাম্পের প্রতিকৃতিসহ ২৫০ ডলারের নতুন নোট আনার পরিকল্পনাও রয়েছে সরকারের।









