যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিনিয়োগকারী প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা জোশুয়া কুশনার ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনার ব্যর্থতার জন্য ফুটবলের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বকে দায়ী করেছেন। এই পরিকল্পনার ফলে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে প্রথমবারের মতো মুখ খুলে কুশনার বলেছেন, বিষয়টি এতদূর গড়াবে তা আগে জানা থাকলে তার প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত হতো না।
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামক একটি সাবসিডিয়ারি গঠনের মাধ্যমে ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব তুলেছিল। তবে এই পরিকল্পনা নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তীব্র আপত্তি জানায়।
কুশনার জানিয়েছেন, এফএফই-এর পেছনে তাদের মূল লক্ষ্য ছিল বিশ্ব ফুটবলে অর্থের অসম বণ্টন দূর করা। তাদের পরিকল্পনা অনুযায়ী, এর মাধ্যমে প্রাপ্ত অর্থ বিশ্বের ২১১টি সদস্য দেশের মধ্যে সমানভাবে বিতরণ করে তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন ঘটানো সম্ভব হতো।
তবে এই পরিকল্পনা নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন এই প্রস্তাবকে গোপন ও অস্বচ্ছ চুক্তি হিসেবে অভিহিত করেছেন। তিনি ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর অপসারণ দাবি করে তার বিরুদ্ধে সুইজারল্যান্ডে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
উয়েফা কর্তৃপক্ষ নিউইয়র্কের একটি আদালতের মাধ্যমে কুশনার ও তার প্রতিষ্ঠানের নথিপত্র তলবের আবেদন জানিয়েছে। যদিও কুশনার বা তার প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ আনা হয়নি। কুশনার পুনরায় জোর দিয়ে বলেছেন, তাদের লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ফুটবলের প্রচার ও প্রসার ঘটানো, কিন্তু ফুটবলের জটিল রাজনৈতিক গতিপ্রকৃতি বুঝতে তাদের ব্যর্থতা ছিল।










