বাংলাদেশের কুমিল্লার চান্দিনা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শিল্পী রাণী দাশ নামে এক নারীকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিথিলা ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. ইসমাইল মিয়া রতন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার চান্দিনা উপজেলার মহিচাইল বারইপাড়া এলাকার সমির চন্দ্র দাশ (৪২) এবং তার স্ত্রী রূপালী রাণী দাশ (৩৭)। একই মামলায় অভিযুক্ত বকুল রাণী দাশ নামে আরেকজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১০ জানুয়ারি সকালে জমি নিয়ে বিরোধের জেরে রনজিৎ চন্দ্র দাশ ও তার স্ত্রী শিল্পী রাণী দাশের সঙ্গে আসামিদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সমির চন্দ্র দাশ, রূপালী রাণী দাশ ও বকুল রাণী দাশ ধারালো দা দিয়ে তাদের ওপর হামলা চালান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিল্পী রাণী দাশকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহতের ভাসুর নিতাই চন্দ্র দাশ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহজাহান ২০১৮ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত সূত্র জানায়, রাষ্ট্রপক্ষ ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দি পর্যালোচনার পর বিচারক দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন না।










