বাংলাদেশের রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেরামতের কাজ শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
মঙ্গলবার সকাল ৭টার দিকে আড়ানী স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি আন্তঃনগর ট্রেন এবং বিভিন্ন স্টেশনে আরও তিনটি ট্রেন আটকা পড়ে। দীর্ঘসময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ হোসেন জানান, লাইন মেরামতের পর আটকা পড়া ট্রেনগুলো বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে কী কারণে রেললাইনের পাত ভেঙে গেল, তা খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।










