ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গাড়ি চালিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে চাপা দিয়েছেন মেঘা রাওয়াল নামে এক নারী। রোববার বিকেলে বান্দ্রার জন ব্যাপটিস্ট রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৪৫ বছর বয়সী ওই নারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। সড়ক নিরাপত্তা এবং অবহেলায় মৃত্যুর অভিযোগে এই ঘটনাটি গুরুত্বপূর্ণ বলে গণ্য হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বান্দ্রার বাসিন্দা মেঘা রাওয়াল দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় মনোযোগ হারিয়ে ফেলেন। এসময় তিনি ফোনে কথা বলছিলেন। তার গাড়ির আঘাতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ১০৫, ২৮১ ও ১২৫ ধারা এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত চলছে।










