Home / আন্তর্জাতিক / সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক

সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক

ভারতের দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর লেখা স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ ভারতে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়া, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক চাপের মুখে পড়ে সংস্থাটি এমন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক আলফ্রেড এ নফ-এর মাধ্যমে বইটি বিশ্বব্যাপী প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে বইটি প্রকাশের ক্ষেত্রে তাদের কোনো আইনি বাধা নেই এবং তারা এই প্রক্রিয়ায় আগ্রহী ছিল। প্রতিষ্ঠানটির দাবি, সোনিয়া গান্ধী সম্পাদকীয় পরিবর্তনে রাজি হননি—এমন তথ্য সঠিক নয়। প্রকাশনা সংস্থাটির ভাষ্যমতে, তথ্যের সত্যতা যাচাই এবং লেখকের সঙ্গে পরামর্শ করা তাদের নিয়মিত প্রক্রিয়ার অংশ। তবে লেখকের সঙ্গে তাদের কী আলোচনা হয়েছে, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।

কংগ্রেসের লোকসভার উপনেতা গৌরব গগৈ এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, পেঙ্গুইন অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এক্সাম ওয়ারিয়র্স’ বা আরএসএস নিয়ে বই প্রকাশ করলেও সোনিয়া গান্ধীর বই নিয়ে তাদের দ্বিধা রয়েছে। রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট অভিযোগ করেন, বইটিতে থাকা নরেন্দ্র মোদী, আরএসএস এবং ভারতের ভূখণ্ডে চীনের অনুপ্রবেশ সংক্রান্ত অংশগুলো পরিবর্তনের চাপ দেওয়া হয়েছিল।

ভারতে বিতর্কিত বা রাজনৈতিক বিষয়বস্তুর বই প্রকাশ নিয়ে পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়া আগেও সমালোচনার মুখে পড়েছে। এর আগে ওয়েন্ডি ডনিগারের বই প্রত্যাহার, মুজাফফরনগর দাঙ্গা নিয়ে জো স্যাকোর বই প্রকাশ না করা এবং সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের স্মৃতিকথা আটকে থাকার ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সমালোচকদের মতে, রাজনৈতিক ও আইনি চাপের আশঙ্কায় প্রকাশনা সংস্থাগুলো এখন নিজেরাই স্ব-সেন্সরশিপের পথ বেছে নিচ্ছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *