নরওয়ের অসলোতে ৮৯ বছর বয়সে ইউরোপের বয়োজ্যেষ্ঠ শাসক রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। গত ১৭ আগস্ট থেকে হিমোলাইটিক অ্যানিমিয়া নামক রক্তস্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ৩৫ বছর রাজত্ব করা এই রাজাকে একীভূত করার প্রতীক এবং উদার মানসিকতার সংস্কারক হিসেবে স্মরণ করছেন দেশটির নাগরিকরা।
অসলোর রাজপ্রাসাদে তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ ভিড় করেছেন। প্রাসাদের সামনে ফুল ও মোমবাতি জ্বালিয়ে প্রিয় রাজাকে শেষ বিদায় জানাচ্ছেন তারা। রাজা হারাল্ডের মৃত্যুতে পুরো দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুর পরপরই সাংবিধানিক নিয়ম অনুযায়ী সিংহাসনের উত্তরাধিকারী তার ৫৩ বছর বয়সী পুত্র হাকন অষ্টম নতুন রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী মঙ্গলবার পার্লামেন্টে সংবিধান ও আইন রক্ষায় শপথ নেবেন নতুন এই রাজা।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর নতুন রাজার সাথে সাক্ষাতের পর এক বক্তব্যে জানান, হারাল্ডের মৃত্যুতে একটি যুগের অবসান হলো এবং নতুন একটি যুগ শুরু হলো। তিনি বলেন, তার দেশের মানুষের প্রতি ভালোবাসা, হাস্যরস এবং উষ্ণতার জন্য রাজা হারাল্ডকে সবাই স্মরণ রাখবে।
নতুন রাজা হাকন এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করলেন, যখন নরওয়ের রাজপরিবার ও রাজনীতিতে নানা বিতর্ক চলছে। দেশটির রাজপরিবারের সদস্যদের সাথে জেফরি এপস্টেইনের সংশ্লিষ্টতা এবং রাজপুত্র মারিয়াস বোর্গ হোইবির বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন অপরাধে শাস্তির ঘটনা সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।










