নেপালের পোখারা বাস পার্কের সামনে থেকে মাদাং গুরাং (২৫) এবং উমেশ চৌধুরী (৩৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বন্যায় মৃত এক নারীর কান থেকে দুল চুরির অভিযোগে তাদের আটক করা হয়েছে। ভয়াবহ দুর্যোগের সময় মানুষের এমন অমানবিক আচরণে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নারায়নি নদীতে ভেসে আসা এক নারীর মরদেহ উদ্ধার করার সময় ওই দুই ব্যক্তি কৌশলে তার কানের দুল খুলে নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, দুলগুলো সোনার ছিল। ভিডিওটিতে আরও দেখা যায়, কাঠের টুকরা ব্যবহার করে এবং চুল টেনে মরদেহটি পানি থেকে তোলার পরপরই তারা এই চুরি সংঘটিত করে। এ সময় আশেপাশে দাঁড়িয়ে অনেকে ঘটনাটি দেখছিলেন এবং ভিডিও করছিলেন। ভিডিওটি আমলে নিয়ে নেপাল পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না।
এদিকে দেশটিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা ৪৬৯ জনে পৌঁছানোর দুই দিন পর নতুন করে সংকটের সৃষ্টি হয়েছে। চীন-নেপাল সীমান্তের তিব্বত অংশে আবারও একটি পানির বাঁধ ভেঙে যাওয়ায় নতুন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা ও উদ্ধারকর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকি কমাতে চীন ও নেপাল সীমান্তে চলমান উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।










