বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৪ সদস্যের একটি পরামর্শক পুল গঠন করেছে। গত ২০ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই বিশেষায়িত পুল বৃক্ষরোপণ সেল ও এর সহায়ক টাস্কফোর্সকে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান, অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে সহায়তা করবে।
পরামর্শক পুলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানউল্লাহ, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, গবেষক মোস্তফা কামাল পলাশ, ড. ফয়সাল কবির শুভ, সাদিকুর রহমান, মোহাম্মদ সুবাইল বিন আলম, নাহিদ জামান সোমা, প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ রায়হান, মো. জাহিদ হাসান সিদ্দিকী, প্রকৌশলী শাহ আদনান মাহমুদ, এম. জাকির হোসেন খান ও মো. আলী ইমাম। বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. মেহেদী হাসান খান এই পুলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই পরামর্শক পুল কর্মসূচি সংশ্লিষ্ট নীতি, কৌশল ও নির্দেশিকা প্রণয়নে মতামত প্রদান করবে। পাশাপাশি বৃক্ষরোপণের স্থান নির্বাচন, ম্যাপিং, অগ্রগতি পরিবীক্ষণ এবং ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে জিআইএস ও রিমোট সেন্সিংয়ের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়ে কারিগরি পরামর্শ দেবে। এছাড়া, কর্মসূচিতে কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগানো এবং আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে কৌশল নির্ধারণে সহায়তা করবে এই কমিটি।
কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্পগুলোর নিরপেক্ষ মূল্যায়ন ও জনসচেতনতা তৈরির দায়িত্বও পালন করবে এই পুল। বছরে অন্তত দুইবার এই কমিটির সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পরামর্শক পুলের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবেন এবং এর জন্য তারা কোনো আর্থিক বা যাতায়াত সুবিধা গ্রহণ করবেন না। বন অধিদপ্তর পুলটিকে সব ধরনের সাচিবিক সহায়তা প্রদান করবে এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতা থাকবে।










