বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত নিজের ছেলের তৃতীয় জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। পেশাগত ব্যস্ততার কারণে সন্তানকে সবসময় কাছে না পাওয়ার আক্ষেপের পাশাপাশি ছেলের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন এই ব্যাটার।
শান্তর ফেসবুক স্ট্যাটাসে উঠে এসেছে তার সন্তানের প্রতি অনুভূতির কথা। সেখানে তিনি লিখেছেন, তার ছেলে ছোট হলেও বাবার হৃদয়ের বড় একটি জায়গা দখল করে আছে। খেলোয়াড়ি জীবনের ব্যস্ততায় ছেলের প্রতিটি মুহূর্তের সঙ্গী হতে না পারার আক্ষেপের কথাও জানিয়েছেন শান্ত। তবে নিজের প্রতিটি ভাবনায় ও প্রতিটি দিনে সন্তানকে অনুভব করেন বলে তিনি উল্লেখ করেন। ছেলে যাতে ভবিষ্যতে একজন শক্তিশালী ও দয়ালু মানুষ হিসেবে গড়ে ওঠে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনে শান্ত ২০২০ সালের জুন মাসে সাবরিন সুলতানাকে বিয়ে করেন। বিয়ের তিন বছর পর ২০২৩ সালের ২৫ আগস্ট তাদের সংসারে পুত্রসন্তানের জন্ম হয়। মজার ব্যাপার হলো, শান্তর নিজের জন্মদিনও একই দিনে।









