Home / জাতীয় / নিষিদ্ধ করে জনগণের কণ্ঠ ও ইতিহাসকে বন্দি করা যায় না: তথ্যমন্ত্রী

নিষিদ্ধ করে জনগণের কণ্ঠ ও ইতিহাসকে বন্দি করা যায় না: তথ্যমন্ত্রী

বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রীয় ক্ষমতা সাময়িকভাবে কোনো বক্তব্যকে নিষিদ্ধ করতে পারে, কিন্তু চিরদিনের জন্য জনগণের সম্মিলিত অনুভূতিকে বন্দি করে রাখা সম্ভব নয়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘মাতৃভাষা প্রকাশ’ অনুষ্ঠানটির আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতি ও জনগণের সম্মিলিত অনুভূতি নিজস্ব গতিতে চলে। চক্রান্ত করে কেবল কিছু সময়ের জন্য মানুষকে বিভ্রান্ত করা বা কোনো সময়কে নিষিদ্ধ করা সম্ভব, কিন্তু তার পরিণাম শেষ পর্যন্ত ভয়াবহ হয়। তিনি বলেন, যারা নিষিদ্ধ করার নেশায় মত্ত থাকে, তাদের সেই ঔদ্ধত্য ও মনোজগৎ বোঝা জরুরি। কারণ, এই ব্যর্থ প্রচেষ্টার প্রতিক্রিয়ায় জনগণের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা ও আবেগ তৈরি হয়।

ইতিহাসের প্রসঙ্গ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন সময়ে নিজেদের কর্মকাণ্ডকে আদর্শের মোড়কে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাসের শিক্ষা না নেওয়ার কারণে তাদের পরিণতি ভালো হয়নি। এ প্রসঙ্গে তিনি ২০২৪ সালের ২৫ আগস্ট শেখ হাসিনার হেলিকপ্টারে দেশত্যাগের কথা উল্লেখ করেন।

তারেক রহমানের রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তারেক রহমান দেশের জন্য যে ঝুঁকি নিয়েছেন, তার ফলে জনগণের মধ্যে গণতন্ত্রের প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা বৃদ্ধি পেয়েছে। বইটিতে কেবল তারেক রহমান নয়, বরং ফ্যাসিবাদী মনোজগৎ ও রাষ্ট্রব্যবস্থার ওপরও আলোকপাত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই বইটি পাঠকদের মধ্যে রাজনৈতিক বিবেক ও গণতান্ত্রিক বোধ জাগ্রত করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। এছাড়া তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু এবং বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *