ইউক্রেনের ক্রিভি রিহ শহরে জনাকীর্ণ একটি শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সান্দ্র ভিলকুল টেলিগ্রামে জানিয়েছেন, শুক্রবার রাশিয়ার এই হামলায় ১২১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২২ জন শিশু। আহতদের মধ্যে অন্তত ২৯ জনের অবস্থা গুরুতর। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিজের শহর ক্রিভি রিহে হওয়া এই হামলাকে ‘নৃশংস ও জঘন্য’ বলে নিন্দা জানিয়েছেন।
প্রেসিডেন্ট জেলেনস্কির ভাষ্যমতে, প্রথম ড্রোন আঘাত হানার ৩০ মিনিট পর একই স্থানে দ্বিতীয়বার হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, উদ্ধারকর্মীদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে এই দ্বিতীয় হামলাটি চালানো হয়েছে। একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টির আহ্বান জানান।
হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত শপিং সেন্টার থেকে ধোঁয়া বের হচ্ছে এবং উদ্ধারকর্মীরা আহতদের সহায়তায় কাজ করছেন। এই শহরের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্সটিতে আঘাত হানার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এদিকে দেশটির মিকোলাইভ অঞ্চলে আলাদা আরেকটি রুশ হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি। যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, জুলাই মাসে রাশিয়ান হামলায় অন্তত ৪৩৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২,৬১০ জন আহত হয়েছেন, যা ২০২২ সালের মে মাসের পর সর্বোচ্চ।









