পানামার পানামা খালে এল নিনোর কারণে বৃষ্টিপাত কমে যাওয়ায় দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে পানামা ক্যানেল অথরিটি (এসিসিপি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন মাত্র ৩২টি জাহাজ খালটি ব্যবহারের সুযোগ পাবে, যা বর্তমানে ৩৬টি। পানামার গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল হ্রাস বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
জলবায়ু পরিবর্তনের ফলে এল নিনোর তীব্রতা বাড়ছে, যা বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনে নেতিবাচক প্রভাব ফেলছে। পানামা ক্যানেল অথরিটি জানিয়েছে, খালের পানির স্তর বজায় রাখা এবং মানুষের জন্য পানির উৎস সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্য আমেরিকায় বর্ষাকাল শুরু হওয়া সত্ত্বেও খালটির দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করতে বাড়তি এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে এই নতুন বিধিনিষেধ কার্যকর হবে।
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী এই কৃত্রিম জলপথ বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরে প্রায় ১৪ হাজার জাহাজ এই রুট ব্যবহার করে। পানামা সরকার এই খালের মাধ্যমে বছরে প্রায় ৩ বিলিয়ন ডলার রাজস্ব আয় করে থাকে। ২০২৩ সালেও এল নিনোর প্রভাবে রেকর্ড পরিমাণ খরা দেখা দেওয়ায় কর্তৃপক্ষ একই ধরণের পদক্ষেপ নিয়েছিল।










