Home / আন্তর্জাতিক / ইরানের পার্লামেন্টে ‘বিদেশি অনুপ্রবেশ’ রুখতে কঠোর আইনের খসড়া অনুমোদন

ইরানের পার্লামেন্টে ‘বিদেশি অনুপ্রবেশ’ রুখতে কঠোর আইনের খসড়া অনুমোদন

ইরানের রাজধানী তেহরানে দেশটির কট্টরপন্থি নিয়ন্ত্রিত পার্লামেন্ট ‘বিদেশি অনুপ্রবেশ’ মোকাবিলার লক্ষ্যে নতুন একটি আইনের প্রাথমিক রূপরেখা অনুমোদন করেছে। আইন প্রণেতাদের মতে, এর মাধ্যমে শিক্ষা, গণমাধ্যম ও সাংস্কৃতিক খাতে বিদেশি প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে এই আইন কার্যকর হলে নাগরিক স্বাধীনতা ও আন্তর্জাতিক যোগাযোগ মারাত্মকভাবে সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

প্রস্তাবিত এই আইনের খসড়া অনুযায়ী, বিদেশি কোনো সংস্থা, দূতাবাস বা গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করতে হলে নাগরিকদের সরকারি বিশেষ অনুমতি নিতে হবে। এমনকি শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, তহবিল সংগ্রহ কিংবা বিদেশি অর্থায়নে পরিচালিত যেকোনো ওয়ার্কশপের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা রয়েছে। আইন লঙ্ঘনকারীদের দীর্ঘমেয়াদী কারাদণ্ডসহ বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে।

সরকারি কর্মকাণ্ডের বাইরে বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে যেকোনো ধরনের সাক্ষাৎকার বা আলাপচারিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে। এমনকি নিরাপত্তা বা জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এমন যেকোনো বিশ্লেষণ প্রদানের ক্ষেত্রে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ডের সুযোগ রাখা হয়েছে এই খসড়ায়।

এই আইনের বিরোধিতা করে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের আইন বিষয়ক উপপ্রধান মজিদ আনসারি বলেন, এটি বৈজ্ঞানিক গবেষণাকে বাধাগ্রস্ত করবে এবং মেধাবীদের দেশত্যাগের হার বাড়িয়ে দেবে। তার মতে, এই আইন মৌলিক অধিকার ও সংবিধানের পরিপন্থী।

উল্লেখ্য, আইনটি চূড়ান্তভাবে পাস হওয়ার জন্য পার্লামেন্টের পূর্ণ সমর্থন এবং দেশটির প্রভাবশালী সাংবিধানিক পর্যবেক্ষণ সংস্থা ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর অনুমোদন প্রয়োজন। এর আগে গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সময় গোয়েন্দা কার্যক্রম দমনে কঠোর আইন পাস হয়েছিল, যার ধারাবাহিকতায় নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *