Home / আন্তর্জাতিক / বাজে অ্যানিমেশনের সিনেমা চীনে বক্স অফিস হিট

বাজে অ্যানিমেশনের সিনেমা চীনে বক্স অফিস হিট

চীনের বেইজিংয়ে নিম্নমানের অ্যানিমেশন ও জটিল গল্পের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’ এখন বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছে। সিনেমা ট্র্যাকিং সাইট মাও ইয়ান-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ১০ দিনে মাত্র ৭ হাজার ৭০৫ ইউয়ান আয় করলেও বর্তমানে এর আয় ১১.৪ মিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এটি এখন হলিউডের ‘দ্য ওডিসি’ ও ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর মতো বড় বাজেটের সিনেমার সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে।

সিনেমাটির এই আকস্মিক জনপ্রিয়তার পেছনে নেটিজেনদের অদ্ভুত আগ্রহ কাজ করেছে। অনেক দর্শক এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বিপরীতে মানুষের তৈরি ‘হস্তশিল্প’ হিসেবে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির নিম্নমানের গ্রাফিক্সকে ইতিবাচকভাবে গ্রহণ করে এটিকে গ্রীষ্মকালীন সিনেমার বাজারের সবচেয়ে বড় চমক হিসেবে অভিহিত করা হচ্ছে।

চীনের শেয়ার বাজারের সঙ্গে সিনেমাটির নামকে জড়িয়েও অনেক দর্শক এর প্রতি সমর্থন জানাচ্ছেন। চীনা ভাষায় ‘ষাঁড়’ ও ‘গরু’ একই শব্দ দিয়ে বোঝানো হয়, তাই শেয়ার বাজার ভালো হওয়ার প্রত্যাশায় অনেক বিনিয়োগকারী সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।

সিনেমাটির চাহিদা বাড়ায় সিনেমা হলগুলো এখন নতুন করে শো বাড়াচ্ছে। এমনকি প্রচারের জন্য কোনো আনুষ্ঠানিক পোস্টার না থাকায় হল কর্তৃপক্ষ নিজ হাতে পোস্টার এঁকে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করছে।

তবে এই সাফল্যে সবাই খুশি নন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেইজিং নিউজ এক সতর্কবার্তায় বলেছে, নিম্নমানের সিনেমা প্রদর্শন করে হলগুলো দর্শকদের আস্থা হারানোর ঝুঁকিতে পড়ছে। তারা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে মানহীন সিনেমা বর্জনের আহ্বান জানিয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *