বাংলাদেশের নাটোর জেলায় বাবার মৃত্যুর পর শেষবারের মতো তার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন কারাবন্দি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে শনিবার রাতে বাবার জানাজা ও দাফন সম্পন্ন করেছেন তিনি। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর সংবাদ পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়। এই আবেদনের প্রেক্ষিতে তাকে দুই ঘণ্টার বিশেষ প্যারোল মঞ্জুর করা হয়।
রাত ৯টার দিকে পুলিশি পাহারায় নাটোর শহরের বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদে বাবার জানাজায় অংশ নেন জেমস। জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করেন তিনি। নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর পুলিশ তাকে পুনরায় কারাগারে নিয়ে যায়।
জেমসের পরিবার সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারে রয়েছেন। গত ২১ জুন রাতে নাটোর শহরের বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন।









