যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বয়েল হাইটস এলাকায় একটি বিশাল কোল্ড স্টোরেজ গুদামে অগ্নিকাণ্ডের পর জমে থাকা প্রায় ৩ কোটি ৯০ লাখ কেজি পচা খাবারের দুর্গন্ধে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গত ১৭ জুন ঘটা এই অগ্নিকাণ্ডের দুই মাস পার হতে চললেও বর্জ্য অপসারণের কাজ শেষ না হওয়ায় স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। গবাদি পশুর মাংস, পোল্ট্রি এবং সামুদ্রিক খাবার পচে তৈরি হওয়া উৎকট গন্ধে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর থেকে এলাকায় মাছি এবং বড় আকৃতির ইঁদুরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই পচা খাবারের গন্ধে বমি ভাব এবং অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, দুর্গন্ধে ক্রেতারা আসছেন না, ফলে তাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এছাড়া কীটপতঙ্গের মাধ্যমে রোগ ছড়ানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছে সিটি কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল।
গুদাম পরিচালনাকারী প্রতিষ্ঠান লিনিয়েজ জানিয়েছে, সোমবার পর্যন্ত তারা প্রায় ৮০ শতাংশ বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে। তবে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস এই কোম্পানির কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, তাদের সাড়া দেওয়া ছিল অপর্যাপ্ত। সিটি কর্তৃপক্ষ কোম্পানিটিকে জনস্বাস্থ্য ও নিরাপত্তা লঙ্ঘনের দায়ে নোটিশ দিয়েছে এবং ১৩ আগস্টের মধ্যে বর্জ্য অপসারণের সময়সীমা বেঁধে দিয়েছে।
মেয়র ক্যারেন বাস জানিয়েছেন, তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় স্বাস্থ্য ক্লিনিক স্থাপন ও এয়ার পিউরিফায়ার বিতরণ করা হয়েছে। কোম্পানিটি এই পরিষ্কার অভিযানের জন্য ৮ কোটি থেকে ১০ কোটি ডলার ব্যয় করবে বলে আশা করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত গুদামটি নতুন করে তৈরির অনুমতি না দেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র।










