ইতালির সিসিলিতে মাউন্ট এতনা আগ্নেয়গিরিতে নতুন করে অগ্নুৎপাত শুরুর ফলে নির্গত ছাইয়ের কারণে ক্যাটানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরির ছাই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ায় আকাশসীমার সংশ্লিষ্ট অংশ বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত বিমানবন্দরে কোনো ফ্লাইট নামতে পারবে না। তবে বিমানবন্দরে থাকা উড়োজাহাজগুলোর উড্ডয়ন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ক্যাটানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সিসিলির পূর্বাঞ্চলের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত। সিসিলি ইতালির জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হওয়ায় এই অগ্নুৎপাত ভ্রমণকারীদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজির ওয়েবসাইটে লাইভ ওয়েবক্যামে মাউন্ট এতনার চূড়া থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
ইউরোপের সবচেয়ে উচ্চতম এবং সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত মাউন্ট এতনার উচ্চতা ৩,৩২৪ মিটার। গত পাঁচ লাখ বছর ধরে নিয়মিত বিরতিতে এখানে অগ্নুৎপাত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে আগ্নেয়গিরিটির সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ সতর্কতামূলক বিধিনিষেধ আরোপ করেছে। এর আগে চলতি বছরের শুরুতে পর্যটকদের জন্য অগ্নুৎপাত দেখার সুযোগ সীমিত করায় স্থানীয় গাইডরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সেই সময় তারা দাবি করেছিলেন, লাভা প্রবাহ ধীরগতির হওয়ায় তা নিরাপদে দেখার সুযোগ রয়েছে। যদিও ন্যাশনাল ইনস্টিটিউট ফর জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজি জানিয়েছে, লাভা সামনের দিকে আর অগ্রসর হচ্ছে না এবং তা শীতল হতে শুরু করেছে।










