বাংলাদেশের সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
নিহতরা হলেন হাজি সাইফুল ইসলাম (৫০), শিশু জাইফা (৩), সপ্তম রায় প্রীতম (২২), বাউলশিল্পী পেহেলী ভৈরবী (১৭), আবুল হোসেন (৪৪), আরমান (১৯), সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ (৩৯), সাইফুল ইসলাম ইমন এবং রুবেল সূত্রধর (৩৭)।
৭ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাসের সঙ্গে সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়।
এই দুর্ঘটনায় আরও অন্তত ২৪ জন যাত্রী আহত হয়েছেন, যার মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনীর জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।










