আর্জেন্টিনার বুয়েনস আইরেসে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। ২০২৮ সালের কোপা আমেরিকায় বিশ্বচ্যাম্পিয়ন দলের জার্সিতে মেসিকে দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে তাপিয়া জানিয়েছেন, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত এবং এটি মেসির নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, আমরা মেসিকে শান্তিতে থাকতে দিতে চাই। সে বিশ্বকাপে দারুণ খেলেছে এবং দলের পতাকাবাহক হিসেবে দায়িত্ব পালন করেছে। আমরা তার খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি, তবে অবসরের সিদ্ধান্তটি তার ওপরই ছেড়ে দেওয়া উচিত।
আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের মূলে মেসির ভূমিকার কথা তুলে ধরেন এএফএ সভাপতি। তিনি উল্লেখ করেন, লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর থেকে আর্জেন্টিনা পাঁচটি ফাইনাল খেলেছে এবং তার মধ্যে চারটিতে জয় পেয়েছে। ২০২২ থেকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দলটির পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, এই সময়ে আর্জেন্টিনা মাত্র দুটি ম্যাচে পরাজিত হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে স্কালোনি দায়িত্ব নেওয়ার পর থেকে আর্জেন্টিনা মোট ১৯০টি গোল করেছে। এর মধ্যে সরাসরি ৬০টি গোল এবং ২৬টি অ্যাসিস্টসহ মোট ৮৬টি গোলে অবদান রেখেছেন মেসি। দলের এই অভাবনীয় সাফল্যের কেন্দ্রে মেসি আজও অপরিহার্য বলে মনে করেন তাপিয়া।
তবে বয়স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনই কোনো নিশ্চয়তা দিতে নারাজ এএফএ কর্তৃপক্ষ। ২০২৮ সালে কোপা আমেরিকা চলাকালে মেসির বয়স হবে ৪১ বছর। তাপিয়া বলেন, ২০২২ বিশ্বকাপের আগেও কেউ জানত না সে ২০২৬ সালে খেলবে কি না। সে ম্যাচ ধরে ধরে এগোতে পছন্দ করে। আমরা চাই সে ফুটবল উপভোগ করুক এবং ভক্তরাও তার খেলা উপভোগ করার সুযোগ পাক। শেষ পর্যন্ত কী হবে, তা মেসিই নির্ধারণ করবে।










