Home / জাতীয় / চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্ছনা: অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্ছনা: অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। গত ১৭ জুলাই রাতে ক্যাম্পাসে ওই ছাত্রী হামলার শিকার হন। পুলিশ সূত্র ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের অভ্যন্তরীণ তথ্যে এ অভিযোগের বিষয়টি উঠে এসেছে।

ঘটনাটি তদন্তাধীন রয়েছে জানিয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সিসিটিভি ফুটেজের মান খুব উন্নত না হওয়ায় অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হওয়া চ্যালেঞ্জিং। তবে পুলিশ অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে। সিসিটিভি ক্যামেরাগুলোর রাতের বেলায় ধারণক্ষমতা কম থাকায় অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস জানিয়েছে।

এদিকে এই ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ভুক্তভোগী ছাত্রী বুধবার রাতে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, ঘটনার রাতে পাঁচজন ব্যক্তি তাকে ও তার এক বন্ধুকে জোরপূর্বক বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও যৌন নিপীড়ন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া গাফিলতির অভিযোগ অস্বীকার করে জানান, ভুক্তভোগী ছাত্রী অভিযোগ জানানোর পর তারা সিসিটিভি ফুটেজ যাচাই করেছেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তার জন্য তাকে পুলিশের কাছে নিয়ে গেছেন।

ঘটনার পর থেকে দোষীদের শাস্তির দাবিতে উত্তাল ক্যাম্পাস। শিক্ষার্থীরা চার দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে চার কর্মদিবসের মধ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান।

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে সভাপতি রুবেল এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তাকে অন্যায়ভাবে এই ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ঘটনার পরপরই তিনি বিষয়টি প্রক্টর ও পুলিশকে অবহিত করেছিলেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *